টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ ১ রোহিঙ্গা আটক

স্টার অনলাইন রিপোর্ট

কক্সবাজারের টেকনাফ থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ ১ জন রোহিঙ্গা মাদক চোরাকারবারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় টেকনাফ-মেরিনড্রাইভ সড়ক থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস) সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ-মেরিনড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ অলিয়াবাদে বসবাসকারী রোহিঙ্গা আব্দুল লতিফকে (৬৪) আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।