‘ডাল কাটতে বাধা দেওয়ায়’ ইজিবাইক চালককে হত্যা, গ্রেপ্তার ১
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গাছের ডাল কাটতে বাধা দেওয়ায় আমজাদ হোসেন (৫৫) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মাসুদুর রহমান মধু (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আমজাদ হোসেন রৌমারী উপজেলার নতুনবন্দর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। গ্রেপ্তার মাসুদুর রহমান মধুর বাড়িও একই এলাকায়। তার বাবা মৃত বক্তার মাস্টার।
মোন্তাছের বিল্লাহ আরও বলেন, নিহত আমজাদ হোসেনের স্ত্রী জিনুয়ারা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করার পরে মধু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় মোট ৩ জনকে আসামি করা হয়েছে। আজ সকালে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জিনুয়ারা খাতুন বলেন, প্রতিবেশী মাসুদুর রহমান মধু তাদের আম গাছের ডাল কাটতে এসেছিলেন, আমজাদ তাকে বাধা দেন। এ সময় মধু তার হাতে থাকা দা দিয়ে আমজাদের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
মোন্তাছের বিল্লাহ বলেন, এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।