ডিআইজি পার্থকে জামিন: হাইকোর্টে ক্ষমা চাইলেন বিচারক
সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (প্রিজনস) পার্থ গোপাল বণিককে 'অস্বাভাবিকভাবে' জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন।
হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশনার প্রেক্ষিতে দুই পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা দিয়ে সম্প্রতি তিনি এ ক্ষমা চেয়েছেন। এ ছাড়া, বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের কাছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে তাকে অব্যাহতি দেওয়ারও আবেদন করেছেন তিনি।
বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় ডিআইজি পার্থের বিরুদ্ধে ওই মামলা করা হয়েছিল।
ব্যাখ্যায় বিচারক ইকবাল হোসেন বলেছেন, গত বছরের ২ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে তাকে পার্থ গোপাল বণিকের মামলার বিচার ছয় মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। কিন্তু, পার্থ গোপালের আইনজীবী চলতি বছরের ১৭ জুন ইকবাল হোসেনের আদালতে হাইকোর্টের আদেশের অনুলিপি জমা দেন এবং হাইকোর্টের নির্দেশনার সময়সীমা ইতোমধ্যে শেষ হয়ে গেছে বলে জানান।
ব্যাখ্যায় ইকবাল হোসেন আরও বলেন, তিনি নথি পরীক্ষা করে দেখেছেন যে, এ বছরের ২৫ জানুয়ারি আরেকটি হাইকোর্ট বেঞ্চ তার আদালতকে একই মামলার বিচার আদেশের অনুলিপি পাওয়ার তারিখ থেকে এক বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। তার আদালত এ অনুলিপি পেয়েছেন ১০ মার্চ।
হাইকোর্টের ওই আদেশের সময়সীমা এখনও বহাল রয়েছে উল্লেখ করে ইকবাল হোসেন তার ব্যাখ্যায় বলেছেন, হাইকোর্টের আদেশ মেনে চলার ব্যাপারে তার আদালত সদা সচেষ্ট।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার আজ রোববার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করেননি।
এর আগে গত ১৭ জুন হাইকোর্ট বেঞ্চ পার্থ গোপাল বণিককে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার বিষয়ে ঢাকার বিশেষ জজ আদালত -৫ এর কাছে ব্যাখ্যা চান। এ ছাড়া, ওই জামিনের ব্যাপারে প্রশ্ন তুলে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল-২৪ এর করা প্রতিবেদনের অনুলিপি হাইকোর্ট বেঞ্চের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় চানেলটির কর্তৃপক্ষকে। ঢাকার আদালতের জামিন আদেশ চ্যালেঞ্জ করে দুদকের করা আপিলের পর বেঞ্চ এসব আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট থাকা সত্ত্বেও গত ১৭ জুন বিচারক ইকবাল হোসেন অস্বাভাবিকভাবে তাকে জামিন দেন এবং পার্থ কারাগার থেকে মুক্তি পান। চ্যানেল-২৪ এ বিষয়ে একটি প্রতিবেদন করে। চ্যানেলটি ইতোমধ্যেই হাইকোর্টের কাছে তাদের প্রতিবেদনের কমপ্যাক্ট ডিস্ক জমা দিয়েছে।