ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক সবুরের জামিন মঞ্জুর

স্টার অনলাইন রিপোর্ট

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার স্থানীয় সাংবাদিক এম এ সবুর রানার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে এম এ সবুর রানার আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রানাকে কারাগার থেকে মুক্তি দিতে কোনো আইনি বাধা নেই।

এর আগে এ মামলার প্রধান আসামী আবু তৈয়ব মুন্সিও অপর একটি হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন পান।
 
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টের এই জামিন আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো আপিল করা হবে কি না এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও সিদ্ধান্ত নেননি।

গত ২০ এপ্রিল খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেকের দায়ের করা মামলায় যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি ও রামপাল প্রেসক্লাবের সভাপতি এম এ সবুর রানা ও বেসরকারি টেলিভিশন এনটিভি’র খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সিকে গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্র জানায়, গত ১৮ এপ্রিল এনটিভি’র খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সির ব্যবহৃত ফেসবুক আইডি থেকে খুলনা সিটি মেয়রের নাম উল্লেখ করে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। যে কারণে মেয়র সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন বলে অভিযোগ করেন।

২০ এপ্রিল কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা থানায় দুই সাংবাদিকের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই রাতে এনটিভি খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। ২১ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন।

গত ৩ জুন এ মামলার অপর আসামি সাংবাদিক এম এ সবুর রানা জামিনের জন্য আদালতে হাজির হয়েছিলেন। তবে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শাহীদুল ইসলাম তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান।