ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: কাজলের বিরুদ্ধে অভিযোগ আদালতে গ্রহণ
ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলানগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন অভিযোগটি আমলে নেন।
একই আদালত কাজলের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগ থেকে জামিন নিয়েছিলেন। আদালত মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩১ আসামিকে দায় থেকে অব্যাহতি দেন।
এই মামলায় অভিযোগ গঠনের জন্য আদালত আগামী ২০ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় কাজল, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় বানোয়াট তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়।