ডিবি পরিচয়ে তল্লাশির নামে ছিনতাই, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকার থেকে নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক কাঠমিস্ত্রির মোবাইল ফোন ছিনতাই করে নেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।
গতকাল শুক্রবার এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- আখাউড়া পৌর এলাকার রাধানগরের মো. আরিফ মিয়ার ছেলে সাইদুল ইসলাম পাপ্পু (৩৫) ও শান্তিনগর এলাকার মো. আরু মিয়ার ছেলে আল আমিন (২৩)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'তাদের কাছে ছিনতাই করা ৬টি মোবাইল এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করত।'
ওসি জানান, কাঠমিস্ত্রি জাহিদুল ইসলাম গতকাল ভোরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশার গতিরোধ করে পাপ্পু ও আল আমিন। দেহ তল্লাশির নামে জাহিদুলের কাছ থেকে একটি মুঠোফোন ছিনিয়ে নেয় তারা। জাহিদুল তাৎক্ষণিক বিষয়টি পুলিশের টহলরত এএসআই শাহজাহান শেখকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে আখাউড়া পৌর এলাকার নারায়ণপুর থেকে ছিনতাইকারীদেরকে আটক করে।
জাহিদুল ইসলাম ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তারকৃতদের নামে মামলা করেছে বলে জানান ওসি। আসামি পাপ্পু ও আল আমিনকে আদালতে পাঠানো হয়েছে।