ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি
অন্তত চারটি মামলায় ওয়ারেন্টের আসামি এবং নাটোর জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে দ্য ডেইলি স্টারে 'নাটোরে এমপি শিমুলের সঙ্গে প্রকাশ্যে ওয়ারেন্টের আসামি' শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেলে নাটোর সদরের পৌর এলাকায় এহিয়ার বাসায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তারের পর ওয়ারেন্টভুক্ত আসামি এহিয়াকে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, আদালত শুনানি শেষে তাকে জামিন দেন।
জামিন প্রসঙ্গে নাটোর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর দ্য ডেইলি স্টারকে বলেন, 'জামিনযোগ্য অপরাধে ওয়ারেন্ট থাকায়, আদালত তাকে জামিন দিয়েছেন।'
তবে, আগামী ১৫ দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাশিরুর রহমানের বিরুদ্ধে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট (এনআই) অনুযায়ী চারটি ওয়ারেন্ট রয়েছে। এসব মামলার সবগুলোই ঢাকার।'
এর আগে, আজ শনিবার সকালে গণটিকা দেওয়ার অনুষ্ঠানে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে বিভিন্ন মামলায় ওয়ারেন্টের আসামি এবং জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে প্রকাশ্যে দেখা যায়।
এ বিষয়ে জানতে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, 'বাশিরুর রহমান এহিয়ার নামে ওয়ারেন্ট আছে, এটি আমি জানতাম না। আমি বিষয়টি জানার পর সিদ্ধান্ত নিয়েছি তাকে আদালতে আত্মসমর্পণ করাবো।'