তেলের সংকট অনৈতিক ব্যবসার কারণে, সরবরাহের কারণে নয়: মির্জা ফখরুল
কম সরবরাহের কারণে নয়, বরং এক শ্রেণীর মানুষের অনৈতিক ব্যবসার কারণে বর্তমানে দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, 'বিশ্বে হঠাৎ একটা দুর্যোগ এসে গেছে। ইরান ও আমেরিকা-ইসরায়েলের মধ্যে যুদ্ধ পুরো বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা বাংলাদেশেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।'
পেট্রল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারির উল্লেখ করে তিনি বলেন, 'এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়। সমস্যাটা হচ্ছে নৈতিকতার কারণে। দুঃখজনকভাবে, কিছু মানুষ অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের দেশের জন্য জাতির জন্য ক্ষতিকর হয়েছে।'
'আমি ডিসিকে বলেছি এটার প্রতি নজরদারি বাড়াতে হবে। কেউ যেন দুর্যোগের সময় দুর্নীতি করে অবৈধভাবে তেল বিক্রি করে ফায়দা লুটতে না পারে, তার ব্যবস্থা করতে হবে,' যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনগণ বিচলিত না হওয়ার অনুরোধ জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, 'আপনার কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। যারা মিথ্যা বলে, মিথ্যা প্রচারণা করে, তাদের প্রশ্রয় দেবেন না। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে একটা শ্রেণি সৃষ্টি হয়েছে, যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায়। একটা সুন্দর বাংলাদেশ তৈরির জন্য যারা প্রাণ দিয়েছে, সেটার পুরস্কার দিতে হবে। বাংলাদেশকে শান্তিময়, স্থিতিশীল, উন্নত দেশ হিসেবে গড়ে তোলাই হলো সেই পুরস্কার।'
সনাতন ধর্মালম্বীদের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, 'আপনারা নির্বিঘ্নে যেমন ভোট দিয়েছেন, তেমনি নির্বিঘ্নে সব উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন।'
'আমাদের মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, ধর্মগুরু, সবার কাছে অনুরোধ সবাই ইতিবাচক রাজনীতি করবেন। নেতিবাচক রাজনীতি যেন না করি। আমরা ধর্মে ধর্মে যেন বিভেদ সৃষ্টি না করি। মানুষের কল্যাণে যেন কাজ করি,' যোগ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মির্জা ফখরুল বলেন, 'এখানে একটি মেডিকেল কলেজের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের জন্য আগামী রোববার ভাইস-চ্যান্সেলর নিয়োগ হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ চলছে। বিমানবন্দর চালুর প্রাথমিক কাজ শুরু করে দিয়েছি।'
ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।