ডেসটিনির রফিকুলের জুম মিটিং: ৮ কারারক্ষী প্রত্যাহার, তদন্ত কমিটি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জুম মিটিং করার ঘটনায় আট কারারক্ষীকে প্রত্যাহার করে সাধারণ ডিউটি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
এ ছাড়া, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) তৌহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মোমিনুর রহমান জানান, ইউরোলজির সমস্যা ও ডায়াবেটিসসহ বেশ কিছু কারণে রফিকুলকে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে তিনি কয়েক দফায় জুম প্ল্যাটফর্মে অনলাইন মিটিং করেছেন এবং মোবাইলে কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার এ তথ্য ছড়িয়ে পড়লে হাসপাতালে দায়িত্বরত কারারক্ষীদের প্রত্যাহার এবং তদন্ত কমিটি গঠনের ব্যবস্থা নেয় কারা কর্তৃপক্ষ।
রফিকুল এখনো বিএসএমএমইউতেই ভর্তি আছেন জানিয়ে মোমিনুর রহমান বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
দুর্নীতি দমন কমিশন ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের রফিকুল আমিনের বিরুদ্ধে দুটি অর্থপাচার মামলা করে। মামলায় গত বছর আদালত রফিকুলের তিন বছরের কারাদণ্ড দেন।