ডেসটিনির রফিকুল হাসপাতাল থেকে আবার কারাগারে

স্টার অনলাইন রিপোর্ট

ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুমে মিটিং করেছেন কারাবন্দী রফিকুল আমিন।

আজ শনিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মমিনুর রহমান মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আজ বিকেলে তাকে ছেড়ে দিয়েছে। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে আমরা তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নিয়ে যাচ্ছি।’

কয়েকজন ডেসটিনি কর্মকর্তা ও ব্যবসায়ী অংশীদারদের সঙ্গে রফিকুল জুমে বৈঠক করছেন এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বিএসএমএমইউ’র প্রিজন সেল থেকে ওই বৈঠকে যোগ দেন।

জুম মিটিংয়ে রফিকুল বলেন, ‘আমি এই গ্রুপ তৈরি করার পর থেকে এটি পঞ্চম বৈঠক। নিয়মিতভাবে আমাদের বৈঠক চলবে।’

গতকাল শুক্রবার এ ঘটনায় কারা কর্তৃপক্ষ চার প্রধান কারারক্ষীকে বরখাস্ত ও ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে।

দুর্নীতি দমন কমিশন ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের রফিকুল আমিনের বিরুদ্ধে চার হাজার ২০০ কোটি টাকার অর্থপাচার মামলা করে। ২০১২ সাল থেকেই তিনি কারাগারে আছেন।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডেসটিনির এমডি রফিকুল আমিন বিকেল ৪টার দিকে কারাগারে পৌঁছেছেন।’