ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত

স্টার অনলাইন রিপোর্ট

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এছাড়া, আদালত একটি রুল জারি করে সরকারকে ব্যাখ্যা করতে বলেছেন, কেন অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল করা হবে না।

আজ রোববার সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন দ্য ডেইলি স্টারকে বলেন, ড. ইউনূসের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেছেন।

গত ৯ সেপ্টেম্বর কারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন বিভাগ মামলাটি দায়ের করে। ১২ অক্টোবর ঢাকার একটি শ্রম আদালত এই মামলায় মুহাম্মদ ইউনূসের জামিন মঞ্জুর করেন।

আজ আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল।