ঢাবিতে যৌন হয়রানির ঘটনায় মহিলা পরিষদের নিন্দা, বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে একই বিভাগের তার সহপাঠী কর্তৃক যৌন হয়রানির অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। জড়িত শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে বলা হয়, এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণসহ দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একইসাথে নারী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিকরণের দাবি জানানো হচ্ছে। ছাত্রীর অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ণ নিরোধ কমিটি কর্তৃক অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। সেই সাথে যৌন নিপীড়ন, উত্ত্যক্তকরণ বন্ধে হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে পৃথক আইন তৈরিসহ রায়ের বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানায় সংগঠনটি।

গত ২৭ সেপ্টেম্বর পড়াশোনার বিষয়ে আলোচনা করার কথা বলে সহপাঠী ছাত্রীকে বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে ডেকে আনেন অভিযুক্ত ছাত্র। লাইব্রেরিতে কেউ না থাকার সুযোগ নিয়ে যৌন হয়রানি করা হয় বলে লিখিত অভিযোগ করেছেন নারী শিক্ষার্থী।  

অভিযোগের অনুলিপি গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিমের কাছে জমা দিয়েছেন।

এ বিষয়ে উভয় পক্ষকে আজ বৃহস্পতিবার সকালে প্রক্টর অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।