তাবলিগের ১৬ সদস্যকে অচেতন করে ছিনতাই
পিরোজপুরের কাউখালীর একটি মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৬ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার ভোরে উপজেলার গারতা মসজিদ থেকে তাবলিগের সদস্যের অচেতন করে টাকা ও জিনিসপত্র লুট করে দুর্বৃত্তরা।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪১ দিনের চিল্লার উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার গারতা জামে মসজিদে পৌঁছান তাবলিগের সদস্যরা। আজ সকালে লোকজন মসজিদে গিয়ে তাদের অচেতন অবস্থায় পেয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গুরুতর অসুস্থ হওয়ায় ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন সুনামগঞ্জ জেলার আব্দুল হান্নান (৬০) ও নোয়াখালী জেলার কাসিমপুর গ্রামের তাবারকউল্লাহ (৬৩)।
অসুস্থ হওয়া তাবলিগ সদস্যদের বাড়ি নীলফামারি, নেত্রকোনা, নওগাঁ, কক্সবাজার, সুনামগঞ্জ, নোয়াখালী ও জয়পুরহাটে।
এ বিষয়ে তাবলিগ জামাতের সদস্য মোজাহার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা রাতের নামাজ শেষে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরের দিকে স্থানীয়রা আমাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। দুর্বৃত্তরা একজনের পটেক থেকে টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার বিষয় নিশ্চিত হওয়া গেছে। অন্যরা সুস্থ হওয়ার পর জানা যাবে বাকিদের কী পরিমাণ ক্ষতি হয়েছে।'
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধারণা করা হচ্ছে অসৎ উদ্দেশ্যে কেউ তাবলিগ জামাতের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।'