থলেডটকম ও উইকুমডটকম ই-কমার্সের ৬ কর্মী গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

একই মালিকানাধীন ২টি ই-কমার্স প্রতিষ্ঠান থলেডটকম ও উইকুমডটকম-এর ৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নজরুল ইসলাম, মো. সোহেল হোসেন, মো. তারেক মাহমুদ অনিক, সাজ্জাদ হোসেন ওরফে পিয়াস, মুন্না পারভেজ ও মো. মাসুম হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সরকারি অনুমোদন ও লাইসেন্সবিহীন' ই-কমার্স প্রতিষ্ঠান ২টি কম টাকায় টিভি, ফ্রিজ, মোটর সাইকেল, ইলেকট্রিক ফ্যানসহ নানা পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে আনুমানিক আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছে।

সেসময় প্রতিষ্ঠান ২টির মিরপুর ডিওএইচএস মাটিকাটা সংলগ্ন ওয়াসি টাওয়ারের তল্লাশি করে অফিস ভাড়ার চুক্তিপত্র, গন্তব্য লজিস্টিকস সার্ভিস লিমিটেডের এজেন্ট সংক্রান্ত চুক্তিপত্র, জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত ইভেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট সংক্রান্ত চুক্তিপত্রসহ বেশ কয়েকটি ব্যাংকের চেক, জুডিশিয়াল কাছ থেকে চেক রিসিভ ইনফরমেশন, ল্যাপটপ, প্রিন্টার কাম ফটোকপি মেশিন, টাকা গোনার মেশিন ইত্যাদি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাদী মো. খায়রুল আলম মীর অভিযোগ করেন যে ওয়াসি টাওয়ারের ৫ম তলায় থলেডটকমের বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেন। পরে জানতে পারেন যে, টাকা পরিশোধ করলে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে।

প্রতিষ্ঠানটি টাকা পাওয়ার পর ৫০ দিন পরও কোনো পণ্য সরবরাহ না করে গ্রাহকদের অপেক্ষা করতে বলে। পরবর্তীতে বাদী তাদের অফিসে গেলে তারা বাদীসহ অন্য গ্রাহকদের চেক দেন। সেসব চেক নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে অ্যাকাউন্টে কোনো টাকা নেই বলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়।