ভাসানচর 

থানা থেকে পালানোর ১৫ ঘণ্টা পর রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী 

নোয়াখালীর ভাসানচর থানা থেকে পালিয়ে যাওয়ার ১৫ ঘণ্টা পর আসামি রোহিঙ্গা যুবক মো. শাহেদকে (২৮) গ্রেপ্তার করেছে ভাসানচর থানা পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ভাসানচরের একটি মহিষের খামার থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শুক্রবার গভীর রাতে ভাসানচর থানা হাজতের জানালার গ্রিল ভেঙ্গে পালিয়ে যায় শাহেদ।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৬ নং ক্লাস্টারের বাসিন্দা মো. শাহেদকে নৌবাহিনীর ওয়্যারহাউজ ভাঙচুর মামলায় গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হয়।

শুক্রবার দিবাগত রাতে হাজতের জানালার গ্রিল ভেঙ্গে সে পালিয়ে যায় এবং পরে পুলিশ এ বিষয়ে একটি জিডি করে বলে জানান ওসি।

ওসি মো. রফিকুল ইসলাম আরও জানান, রোহিঙ্গা যুবক শাহেদ পালিয়ে ভাসানচরের মহিষের খামারের রাখালদের ঘরে আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ঘণ্টা পর তাকে আবার গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

রবিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।