দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবৈধভাবে প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকা উপার্জনের মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন সেশন জজ শেখ আশফাকুর রহমানের আদালত মামলার শুনানি শেষে প্রদীপের জামিনের আবেদন প্রত্যাখ্যান করেন।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করেছিল।

দুদকের আইনজীবী মাহমুদুল হক দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ১ সেপ্টেম্বর দুদক ওই দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলে আদালত তা গ্রহণ করেন।

আইনজীবী মাহমুদুল হক জানান, প্রদীপের স্ত্রী চুমকি করণ পলাতক থাকায় আদালত তার সন্ধানে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আদেশ দিয়েছেন।

অবৈধভাবে প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকা উপার্জনের অভিযোগে গত বছরের ২৩ আগস্ট দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন দুদক চট্টগ্রাম অফিস-১ এ চুমকি ও প্রদীপের বিরুদ্ধে এ মামলা করেন।

তখন দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি তাদের আয়কর বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার টাকার তথ্য গোপন করেছেন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।'