দুদকের মামলায় পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ নভেম্বর
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ৮ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। গত ৩০ মার্চ দুদকের উপপরিচালক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা শাহীন আরা মোমতাজ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।
এদিন কারাগার থেকে পাপিয়া ও সুমনকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ৪ আগস্ট দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজ বাদী হয়ে পাপিয়া ও সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারির মধ্যে পাপিয়া হোটেল ওয়েস্টিনকে ৩ কোটি ২৩ লাখ টাকা নগদ পরিশোধ করেন। এই টাকা তিনি হোটেলের প্রেসিডেন্সিয়াল ও চেয়ারম্যান সুট, রেস্তোরাঁ, স্পা, লন্ড্রি ও বারসহ ২৫টি কক্ষ ব্যবহার বাবদ দেন।
শপিংয়ের জন্য তিনি ব্যয় করেছেন ৪০ লাখ টাকা। ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিলের মধ্যে পাপিয়া বাড়ি ভাড়া বাবদ ৩০ লাখ টাকা ব্যয় করেন এবং ব্যবসায় ১ কোটি ২০ লাখ টাকা লগ্নি করেন। এ ছাড়া, পাপিয়া ও তার স্বামীর অ্যাকাউন্টে আরও ৩০ লাখ ৫২ হাজার টাকা পাওয়া যায়। গত বছরের ফেব্রুয়ারিতে পাপিয়ার বাড়িতে র্যাবের অভিযানে আরও ৫৮ লাখ ৪১ হাজার টাকা জব্দ করা হয়। তার স্বামী মফিজ প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি গাড়ির মালিক। ব্যয় করা এই অর্থের বিপরীতে তারা আয়ের কোনো বৈধ উত্স দেখাতে পারেননি, বলা হয় মামলার বিবরণীতে।
গত বছরের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করে র্যাব।