দুর্নীতির অভিযোগে চিত্রনায়ক ফারুকের ব্যক্তিগত সহকারীকে অব্যাহতি

স্টার অনলাইন রিপোর্ট

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের অনুপস্থিতিতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে তার ব্যক্তিগত সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোহাম্মদ মকসুদ আলম (শিপন)-কে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৭ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সচিব এ কে এম আহসান উল্লাহ দেওয়ানের সই করা অফিস আদেশে তাকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়।

ওই অফিস আদেশে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের প্রিভিলেইজডভুক্ত 'ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর' মো. মকসুদ আলম শিপনকে চলতি বছরের ২৯ সেপ্টেম্বর থেকে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বার বার সতর্ক করার পরও মোহাম্মদ মকসুদ আলম শিপন তার পদবী ব্যবহার করে অসদুপায় অবলম্বনের মাধ্যমে বেআইনি সুবিধা গ্রহণ করে এলাকায় সংসদ সদস্যের সুনাম ক্ষুণ্ন অব্যাহত রাখায় গত ২৯ সেপ্টেম্বর থেকে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।' 

এ কারণে তার সঙ্গে সরকারি প্রয়োজনে কোনো যোগাযোগ না করার জন্যও অনুরোধ করা হয়েছে।