দুলাভাইকে গুলি করে হত্যার অভিযোগে শ্যালক আটক  

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর দারুসসালাম এলাকায় ফারুক হোসেন (৪৮) নামের একজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তার শ্যালকের বিরুদ্ধে।

এ ঘটনায় শ্যালক জসিকুর রহমান আসরুকে আটক করেছে পুলিশ।

দারুসসালাম থানার উপ-পরিদর্শক নাজির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আসরু তার দুলাভাই ফারুককে গুলি করেন। এতে ফারুক গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ আসরুকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে হত্যার কারণ জানার চেষ্টা চলছে বলে জানান এসআই।