দ্বিতীয়বার টাকা ধার না দেওয়ায় খুন!
দ্বিতীয়বার টাকা ধার না দেওয়ায় নরসিংদী সদরের খাটেহারা পূর্বপাড়ার ফজলুল হককে (৭৩) হত্যা করেছেন ময়মনসিংহের আবুল হাসান।
এর আগে তিনি স্ত্রীর সিজারের জন্য ফজলুল হকের কাছে ৭ হাজার টাকা ধার নেন।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে গিয়ে এমন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ময়মনসিংহ।
পিবিআই জানায়, আবুল হাসানের ধারণা ছিল ফজলুল হকের অনেক নগদ টাকা আছে। তাই সে আবারও টাকা ধার চাইলে ফজলুল হক তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয় ফজলুল হকের সব টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করেন আবুল হাসান।
পিবিআই আরও জানায়, কৌশলে ফজলুল হককে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পথে ২৩ সেপ্টেম্বর ময়মনসিংহের নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বাহাদুরপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এলাকায় গলাকেটে হত্যা করেন আবুল হাসান। হত্যার পর ফজলুল হকের সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ও ২টি মোবাইল নিয়ে পালিয়ে যায় সে।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৮ সেপ্টেম্বর রাতে হত্যাকাণ্ডের প্রধান আসামি আবুল হাসানকে নরসিংদী জেলার মাধবদীর ফুলতলা গ্রামের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আসামির কাছে থেকে ৩০ হাজার টাকার মধ্যে নগদ ৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, আইডি কার্ড ও মৃত ফজলুল হকের কাপড়সহ ব্যবহৃত অন্যান্য জিনিস উদ্ধার হয়।'
তিনি জানান, পরবর্তীতে আসামির দেওয়া তথ্য অনুযায়ী ধানক্ষেত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়।
কালেঙ্গা গ্রামের চৌকিদার মজিবুর রহমান বাদী হয়ে গতকাল মঙ্গলবার নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গৌতম কুমার বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত আসামি আবুল হাসানকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হলে আদালত ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করে তাকে কারাগারে প্রেরণ করেন।