দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রযন্ত্রকে ৩৬৫ দিন সক্রিয় থাকতে হবে: হাইকোর্ট
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ৩৬৫ দিনেই সক্রিয় থাকতে হবে। পাশাপাশি যেসব অসাধু ব্যবসায়ি মূল্য বৃদ্ধির জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।
আইন অনুযায়ী, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত দায়িত্ব। মনিটরিং সেল এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে একটি রিট আবেদনের শুনানির সময় আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।
আদালত বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন, সংগঠন ও সংস্থা আছে। কিন্তু আইনগুলো যথাযথভাবে প্রয়োগ না করায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সবসময় কাজ না করায় বাজার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে।
আগামীকাল মঙ্গলবার এই আবেদনের শুনানি শুরুর দিন ধার্য করেছেন হাইকোর্ট বেঞ্চ।
গত ৩ মার্চ দ্য ডেইলি স্টারে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেন, সৈয়দ মহিদুল কবির এবং মোহাম্মদ উল্লাহ গত ৬ মার্চ জনস্বার্থে পিটিশনটি দাখিল করেন।