ধর্ষণের মামলায় ঢাকায় পুলিশের এসআই গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে এক তরুণীর মামলায় ঢাকায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া এসআই খায়রুল আলম ঢাকার শেরে বাংলা নগর থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে মামলাটি হয়েছে গুলশান থানায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক তরুণীর মামলায় আজ খায়রুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
আলদত সূত্রগুলো জানায়, এসআই খায়রুলকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত তাকে এক দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
অভিযোগকারীর বরাতে পুলিশ কর্মকর্তারা জানান, প্রায় মাসখানেক আগে ২০ বছরের ওই তরুণী তার এক বন্ধুর বিরুদ্ধে মামলা করতে শেরে বাংলা নগর থানায় গিয়েছিলেন। সেখানেই তার সঙ্গে খায়রুলের পরিচয় হয়।
মামলার এজাহারের বরাতে পুলিশের এক কর্মকর্তা জানান, বন্ধুর সঙ্গে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে এসআই খায়রুল সোমবার রাজধানীর পান্থপথ এলাকা থেকে ওই তরুণীকে নিকেতনে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সঙ্গে তাকে মারধর করা হয় এবং ঘটনাটি গোপন রাখার জন্য হুমকি দেওয়া হয়।