ধর্ষণে স্কুলশিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, মামলা

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনায় সপ্তম শ্রেণির স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় তার বাবা বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে একইগ্রামের নিহাদ হোসেনকে আসামি করে মামলা করেছেন।

নিহতের পরিবার জানায়, গতকাল বাড়িতে একা পেয়ে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ করে প্রতিবেশি নিহাদ। অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় ১৩ বছরের মেয়েটি।

ওসি আমিনুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ ও সংশ্লিষ্ট সব ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। চিকিৎসকের প্রতিবেদন ও ময়নাতদন্ত প্রতিবেদন খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের মা জানান, গত এক বছর ধরে স্কুলশিক্ষার্থীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল অভিযুক্ত। তার উত্যক্তের কারণে ওই স্কুলছাত্রীকে নানার বাড়িতে রেখে পড়াশোনা করানো হচ্ছিল।

ময়নাতদন্ত শেষে কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।