নড়াইলে বোন হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

নড়াইলে ছোট বোনকে হত্যার দায়ে রিপন মোল্লা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ আদেশ দেন।

রিপন মোল্লা নড়াগাতি থানার কালিনগর গ্রামের মকছেদ মোল্লা ওরফে মকু মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, মকু মোল্লার মেয়ে ফাতেমা ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে বাড়ির পাশে নলিয়া নদীর তীরে কাপড় ধুচ্ছিলেন। এ সময় রিপন মোল্লা তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যা করেন। পরে মরদেহ মাটির নিচে পুঁতে রাখা হয়।

এ ঘটনা দেখেন অভিযুক্ত রিপন মোল্লার ছেলে রাশেদ মোল্লা। রাশেদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে এবং রিপন মোল্লাকে গ্রেপ্তার করে।