নদীর তালিকা, দখলকারীদের উচ্ছেদে কর্মপরিকল্পনা চেয়েছেন হাইকোর্ট
সারা দেশের নদীর তালিকা তৈরি করে এসব নদী দখলমুক্ত করতে কর্মপরিকল্পনা তৈরি করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত আগামী ৬ মাসের মধ্যে তালিকা ও কর্মপরিকল্পনা জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষকে তুরাগ নদের সীমানা নির্ধারণ করে একই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
একই সঙ্গে নদী বাঁচাতে সারাদেশে ভূমি দখলদার ও নদী দখলকারীদের উচ্ছেদের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা রিজওয়ানা হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, দেশে নদীর সংখ্যা ও তাদের দখল নিয়ে নানা ধরনের তথ্য আছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) মতে দেশে ৪০৪টি নদী রয়েছে যেখানে জাতীয় নদী সংরক্ষণ কমিশন (এনআরসিসি) এর সংখ্যা ৭৭০ এবং পানি উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইমামুল হকের মতে নদীর সংখ্যা ১১৮২টি।
তিনি আরও জানান, এনআরসিসি তার ২০১৯ সালের প্রতিবেদনে বলেছে যে দেশে ৫৬৩৮২ জন নদী দখলকারী রয়েছে, তবে নৌপরিবহন প্রতিমন্ত্রী সম্প্রতি বলেছেন যে নদী দখলকারীদের সংখ্যা ৬৫ হাজারের বেশি।