নবনির্বাচিত ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সদস্য আবদুর রউফ মাস্টার হত্যা মামলার প্রধান আসামি আরিফকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব।
আরিফকে পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে গ্রেপ্তার করে গাইবান্ধা র্যাব-১৩-এর একটি দল।
র্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রাজ্জাক খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন তথ্যেরভিত্তিতে আমরা অভিযান চালিয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেপ্তার করি।'
তিনি আরও বলেন, 'গ্রেপ্তার আরিফ আব্দুর রাজ্জাক মাস্টারকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'
গতকাল রাতে নিহত ইউপি সদস্যের বড় বোন, গাইবান্ধা সদর থানায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রউফ মাস্টারকে হত্যার অভিযোগে আরিফকে প্রধান আসামি ও অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
সদর থানার ওসি মাসুদুর রহমান মামলার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।