নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৪ নভেম্বর

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার চার্জগঠনের শুনানি পিছিয়েছে। আগামী ৪ নভেম্বর আদালত শুনানির তারিখ নির্ধারণ করেছেন। আজ মঙ্গলবার ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল আলম নতুন এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে খালেদা জিয়ার আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেছিলেন। আজ ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল।

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। অভিযোগে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ক্ষমতা অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা সুবিধা পাইয়ে দেয়।

তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমেদ, জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত জ্বালানি সচিব খন্দকার শহীদুল ইসলাম, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) খন্দকার শহীদুল ইসলামকেও এই মামলায় আসামি করা হয়।