নাটোরে এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোর সদর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অভিযুক্ত মুহীনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম বাদী হয়ে আজ সকালে সদর থানায় একটি মামলা করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, গতকাল বিকেল সোয়া ৫টায় নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তায় এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপের এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় ওই পরীক্ষার্থীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।