নাটোরে এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোর সদর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপ করেছে বখাটেরা। রোববার বিকেল সোয়া ৫টায় ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় ওই পরীক্ষার্থীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী সানজিদা আক্তার বীনা (১৯) রাজশাহী সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার বিকেলে দত্তপাড়া এলাকার মুহিন ও তার ২ সহযোগী ওই পরীক্ষার্থীর পথ রোধ করে। পরে তারা তার দিকে বোতল থেকে এসিড নিক্ষেপ করে।

পরে স্থানীয়রা বীনাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয় এবং পরিবারের লোকজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি বলেন, 'ঘটনার পর থেকে পুলিশ এসিড নিক্ষেপকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।'

তবে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে নিয়ে হাসপাতালে থাকায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

যোগাযোগ করা হলে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ভুক্তভোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

এসিড নিক্ষেপকারীদের ধরতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলে জানান তিনি।