নাটোরে নিম্নমানের চাল জব্দ: মামলা করতে আদালতের স্বপ্রণোদিত আদেশ
নাটোরে খাদ্য গুদাম থেকে নিম্ন মানের চাল জব্দের ঘটনায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা করার স্বপ্রনোদিত আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম গোলজার রহমান এই আদেশ দেন।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মজিদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আদালত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদ, নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিনের সই করা জব্দ তালিকা, জিম্মানামা ও নাটোর সদর থানায় করা জিডি পর্যালোচনা করেছেন।'
'পর্যালোচনায় আমলযোগ্য অপরাধ সংঘটনের সুস্পষ্ট উপাদান আছে বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। এজাহার রুজু করে আগামী ২৫ আগস্ট আদালত চলাকালে লিখিতভাবে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত,' বলেন তিনি।
এর আগে, গত ১৩ আগস্ট 'নাটোরে খাদ্য গুদাম থেকে নিম্ন মানের চাল জব্দ, তদন্ত কমিটি' শিরোনামে সংবাদ প্রকাশ হয় দ্য ডেইলি স্টার পত্রিকার অনলাইন সংস্করণে।
নাটোরের জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা দ্য ডেইলি স্টারকে জানান, আদালতের আদেশের বিষয়টি তিনি শুনেছেন। নিম্নমানের চাল জব্দের বিষয়ে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন।