নাটোরে বয়স্ক ও বিধবা ভাতার টাকা নিয়ে ভোগান্তি, আদালতের স্বপ্রণোদিত মামলা গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোরে বয়স্ক ও বিধবা ভাতার টাকা ভুল নাম্বারে পাঠানোয় ভোগান্তির ঘটনায় সংবাদ প্রকাশের পর স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আজ সোমবার আদালতের স্বপ্রণোদিত মামলা গ্রহণের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মজিদ।

তিনি বলেন, 'ভাতার টাকা ভুল নাম্বারে চলে যাওয়ার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নাটোরের পিবিআই পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন আদালত।'

আদালত সূত্র জানায়, সোমবার বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ. এফ. এম. গোলজার রহমানের আদালত স্বপ্রণোদিত হয়ে ফৌজদারি কার্যবিধির ১৯০(১) (সি) ধারায় মামলা গ্রহণ করে তা তদন্তের নির্দেশ দেন। আগামী ১৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নাটোরের পিবিআই পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

সূত্র আরও জানায়, সম্প্রতি বয়স্ক এবং বিধবা ভাতার টাকা ভুল নাম্বারে চলে যাওয়ায় নাটোরের ভাতা ভোগীদের ভোগান্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। বিষয়টি আদালতের নজরে আসায় স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেন।

নাটোরের সমাজকর্মী সাজিদ আলী ঝর্ণা দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাষ্ট্রের অন্যান্য কর্তৃপক্ষ যখন নির্লিপ্ত, তখন আদালতের এমন উদ্যোগ আমাদের মত সাধারণ মানুষকে আশান্বিত করে তোলে। আদালতের এমন আদেশকে সম্মান জানাই।'