নারায়ণগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ১ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার পূর্বাচল শহরের ৭ নম্বর সড়ক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশাচালক হৃদয় (২০) উপজেলার ভোলাব এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৯টায় স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকার কথা জানান। পরে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।'
স্থানীয়দের বরাত দিয়ে এসআই বলেন, 'নিহতের নাম হৃদয় এবং তিনি অটোরিকশাচালক। বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতের গলা কাটা, থুতনিতে কাটা দাগসহ শরীরে ধস্তাধস্তিতে আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয় অটোরিকশায় যাত্রী নিয়ে এখানে এসেছিলেন। পরে ছিনতাইকারীরা হৃদয়কে ধারালো চাকু দিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তবে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্ত শেষে বলা যাবে।'
রাজু আহম্মেদ আরও বলেন, 'নিহতের স্বজনদের খোঁজ করা হচ্ছে। স্বজনরা আসলে পরিচয় শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'