নারায়ণগঞ্জে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য নাজির আটক

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য নাজির হোসেনকে (২৬) আটক করছে র‍্যাব-১১।

শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর পাশা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনিবার ভোর ৪টায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা থেকে তাকে আটক করা হয়। তিনি ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জে আসছিলেন।'

লেফট্যানেন্ট কর্নেল তানভীর পাশা জানান, আটক নাজির হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য। এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

তিনি জানান, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে হিন্দু সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে গত ১৯ অক্টোবর  নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়। সেই সমাবেশে 'ককটেল বিস্ফোরণ' এর গুজব ছড়িয়ে নাজির হোসেন ওরফে ইমরান নাজির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। ওই গুজবের ভিত্তিতে র‌্যাব-১১ এর তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনিবার ভোর ৪টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ঘটনায় নাজির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।