নারায়ণগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর ৯ বছরের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার জাঙ্গীর এলাকার কাশবন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকার মোশারফ মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিখোঁজ শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার ভক্তবাড়ী এলাকা থেকে মোশারফকে আটক করা হয়। পরে মোশারফের দেখানো জায়গা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।'

তিনি আরও বলেন, 'শিশুটিকে ধর্ষণ করার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মোশারফ বিষয়টি স্বীকার করেছে।'

'তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জবানবন্দি নিতে রোববার সকালে আদালতে পাঠানো হবে,' বলেন তিনি।

রূপগঞ্জ থানায় করা অভিযোগের বরাত দিয়ে নিহত শিশুর মা দ্য ডেইলি স্টারকে জানান, মোশারফ মিয়ার তাদের বাড়িতে যাতায়াত ছিল। শুক্রবার সকালে তার মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মোশারফ। পরে শিশুটি বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

এরপর মোশারফের মুঠোফোন বন্ধ পাওয়া যাওয়ায় শিশুটিকে অপহরণ করা হয়েছে উল্লেখ করে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয় বলে জানান তিনি।