নারায়ণগঞ্জে পত্রিকার সম্পাদকের বাড়িতে ‘বোমা’ বিস্ফোরণ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহবায়ক।

মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'আমি শুরু থেকেই ত্বকী হত্যার বিচারসহ নারায়ণগঞ্জে অপশক্তির বিরুদ্ধে কথা বলেছি। আমাকে ভয় দেখাতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।'

শনিবার ভোর সাড়ে ৩টায় শহরের আলম খান লেন এলাকায় মাহবুবুর রহমানের বাড়ির গেটে বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এই ঘটনায় সদর থানা পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি সামাজিক সংগঠন 'আমরা নারায়ণগঞ্জবাসী' এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্বকী হত্যা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে 'দৈনিক সময়ের নারায়ণগঞ্জ' পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। প্রতিবেদনে আজমেরী ওসমানের নাম থাকায় সম্পাদক জাবেদ আহমেদ জুয়েলকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

মাহবুবুর রহমান ত্বকী হত্যার বিচারের দাবিতে বিভিন্ন সভা সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, তার ভাতিজা আজমেরী ওসমানসহ তাদের পরিবারের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। গত শুক্রবার বিকেলেও চাষাঢ়া শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সমাবেশে তিনি বক্তব্য দেন।

সকালে মাহবুবুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির গেটের সামনে বেশ কিছু লাল রঙের কাগজ ছড়িয়ে আছে। তবে তেমন কোন ক্ষয়ক্ষতির চিহ্ন নেই। গেটের পাশেই মাহবুবুর রহমানের চেম্বার। দোতলায় তিনি পরিবারের সঙ্গে থাকেন।

নিরাপত্তা প্রহরী খোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি সকাল ৮টায় ডিউটিতে এসেছি। রাতে কেউ ছিল না। এসে জানতে পারি এখানে বিস্ফোরণ হয়েছে। এর বেশি কিছু জানি না।'

মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, গভীর রাতে বিস্ফোরণের আওয়াজে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। পরে নিচে নেমে এসে দেখলাম গেইটের সামনেই বিস্ফোরণে ঘটেছে। নিচতলার পুরো রুম ধোঁয়ায় ছেয়ে গেছে। এই ঘটনা পুলিশকে জানানোর পর তারা তাৎক্ষণিকভাবে পরিদর্শন করে গেছেন।'

তিনি বলেন, 'পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে আনুমানিক ৩০ বছরের এক যুবককে বাড়ির গেটের সামনে একটি ব্যাগ রেখে যেতে দেখা যায়। এর ৮ থেকে ৯ মিনিট পর বিস্ফোরণ হয়।'

এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, 'আমরা একটা অপশক্তি বিরুদ্ধে লড়াই করছি। আমরা ত্বকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। গতকালও ত্বকী মঞ্চের সমাবেশ ছিল। সেই সমাবেশে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। তারা আসলে সচরাচর এটাই করে। তারা আমাদের ভয়ভীতি দেখাতে চায়। কিন্তু আমরা ভয় পাব না। তারা নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য সবকিছু করতে পারে।'

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে বিস্ফোরণের খবর পেয়ে সেখানে আমরা একটি প্লাস্টিকের বোতলের নিচের অংশ পেয়েছি। তাতে লাল টেপ ছিল। তবে এটা বোমা না অন্য কোন কিছু এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।'

তিনি বলেন, 'এ ঘটনায় কোন মামলা হয়নি। যার বাড়িতে ঘটনা তিনিও কোনো অভিযোগ দেননি। পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে।'

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, 'পুলিশ গিয়ে সেখানে লাল টেপ পেয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

বিস্ফোরণের ধরন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'তদন্তের পর বলা যাবে কিসের বিস্ফোরণ। ধারণা করা যাচ্ছে, 'পটকা' হতে পারে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বলা যাবে। মাসুম সাহেব অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে। অন্যথায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।'