শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নারী শিক্ষককে উত্ত্যক্ত করার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেবের বিরুদ্ধে একটি স্কুলের একজন নারী শিক্ষককে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) এর কাছে স্মারকলিপি দিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকরা।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুল হক খান মামুন স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৫ জুন সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভুক্তভোগী নারী শিক্ষক অংশ নেন। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব নারী শিক্ষকের পাশের চেয়ারে বসে তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ কথা বলেন। এতে নারী শিক্ষক অনুষ্ঠান শেষ না করেই সেখান থেকে চলে আসেন। পরদিন তিনি ফতুল্লা মডেল থানায় জিডি করেন।

স্কুলের প্রধান শিক্ষক দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি নারী শিক্ষককে উত্ত্যক্ত করেন তাহলে তার অধীনে অন্য নারী শিক্ষকরা কীভাবে কাজ করবেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'ওই কর্মকর্তার বিচার দাবিতে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করছি। প্রথমে থানায় জিডি করেন ভুক্তভোগী শিক্ষক। এর ধারাবাহিকতায় ডিসিকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আগামী বুধবারের মধ্যে বিচার না পেলে আমরা মানববন্ধন করব।'

অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওইদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে আমিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নারী শিক্ষকসহ আমরা কয়েকজন গ্রুপ হয়ে প্রতিবেদন তৈরি করছিলাম। কিন্তু কেন এমন মিথ্যা অভিযোগ করছেন জানি না। আমি কোনো কুরুচিপূর্ণ কথা বলিনি। এসব অভিযোগ মিথ্যা।'

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুল হক খান মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভুক্তভোগী নারী শিক্ষকসহ কয়েকজন শিক্ষক সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেবের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'