নারায়ণগঞ্জে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৯

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সপ্তম শ্রেণির স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিল্লাল (১৯), জাহিদ (২০), নীরব (১৯), তাইজুল (১৯), সিয়াম (১৯), রবিন (২৩), খাইরুল (২২), রিফাত (২০) এবং আরেক কিশোরী।

তাদের মধ্যে সাত জন ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ও তিন জন সহযোগী।

আজ বৃহস্পতিবার ভোরে স্কুলশিক্ষার্থীর বাবা ১০ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন। পরে আজ ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বরাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ৩০ আগস্ট স্কুল শিক্ষার্থী তার বান্ধবীর সঙ্গে ঘুরতে যায়। সন্ধ্যায় ১০ থেকে ১২ জন বখাটে যুবক কিশোরীকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি জানান, ওই ঘটনায় আজ ভোরে কিশোরীর বাবা ১০ জনের নাম উল্লেখ করে মামলা করার পর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হলেও সাব্বির মিয়া (২০) নামে এক যুবক এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৯ জন ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।