নাশকতার মামলায় নোয়াখালী জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩ 

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াতে ইসলামীর তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন (৬০), শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নাসিমুল গনি চৌধুরী ওরফে মহল (৪৫) ও জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।

আজ বুধবার ভোররাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ৭টার দিকে বেগমগঞ্জে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ফিকুল ইসলাম খানসহ ১০ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীর চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা। ওই বিক্ষোভ মিছিল শেষে কাচারি বাড়ি মসজিদে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী, চৌমুহনী পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, শিবিরের নোয়াখালী উত্তর সভাপতি মো. সুমন। এ ছাড়াও, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী বাজারে মঙ্গলবার সকালে জামায়াত শিবির বিক্ষোভ মিছিল করেছে।

সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা বিষয়টি স্বীকার করে বলেন, 'কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ করা হয়েছে।'

মঙ্গলবার সকালে সোনাইমুড়ী বাজারে তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের এসব তৎপরতা ও নাশকতা পরিকল্পনার সম্ভাবনা দেখে পুলিশ সক্রিয় হয়ে উঠে। এর পরিপ্রেক্ষিতে বেগমগঞ্জে আজ ভোরে অভিযান চালায় পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, গতকাল চৌমুহনী বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিশেষ ক্ষমতা আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। ওই মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।