নিয়োগ পরীক্ষায় ফেল: চাকরি না পেয়ে অধ্যক্ষের হাত ভেঙে দেওয়ার অভিযোগ
মাদরাসায় শিক্ষকের চাকরি না পাওয়ার কারণে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত চাকরি প্রত্যাশী মাহিবুর রহমানের বিরুদ্ধে অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বাদী হয়ে গতকাল শনিবার রাতে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ পত্রে মাদরাসার অধ্যক্ষ উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেলে অধ্যক্ষ তার অফিস কক্ষে শিক্ষকদের নিয়ে মাদরাসার বিষয় নিয়ে আলোচনা করতে বসেন। আলোচনা শেষে শিক্ষকরা চলে যাওয়ার পর চাকরি প্রত্যাশী মহিবুর রহমান মহিব, তার ভাই মো. মাসুম ও মোস্তাকুর রহমানসহ ৩-৪ জনের একটি দল নিয়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে লাঠিসোটা নিয়ে হামলা করে। এক পর্যায়ে হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করলে অধ্যক্ষ হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার হাত ভেঙে যায়।
অধ্যক্ষ জানান, পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় তাকে নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে ক্ষিপ্ত হয়ে মাহিবুর তার উপর হামলা করেছেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হারেছ দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত মাহিবুর একাধিকবার ওই মাদরাসায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে পারেননি। তাই ক্ষোভ থেকেই অধ্যক্ষের উপর হামলা চালিয়েছেন।
তিনি আরও জানান, এর পূর্বেও এই মাদরাসার আরবি প্রভাষক রুহুল আমীনকে মারধর করে অভিযুক্ত মাহিবুর। সে ঘটনায় বিচার না পেয়ে রাগে ক্ষোভে ওই প্রভাষক মাদরাসার চাকরি ছেড়ে দেন।
এ বিষয়ে মাহিবুরের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।