নেত্রকোনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

নেত্রকোনার মদনে নিজ বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ত্রিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রাম থেকে নান্দু মির (৬০) ও তার স্ত্রী হিমা আক্তারের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, 'আজ সকালে ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়রা ডাকলে নান্দু মিয়ার শিশু ছেলে দরজা খুলে দেয়। এ সময় নান্দু মিয়ার ঝুলন্ত ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।'

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিআইডির তদন্ত দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

ওসি জানান, এই দম্পতির ২ শিশু বাচ্চা একই ঘরে ঘুমিয়ে ছিল। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।