নোয়াখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সেনবাগে চতুর্থ শ্রেণির স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে কিশোরীর পরিবার দুই জনকে আসামি করে মামলার পর দুপুরে অভিযুক্ত ছেরাজল হক মামুনকে (৩০) গ্রেপ্তার করে সেনবাগ থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সেনবাগ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আল আমিন জানান, চলতি বছরের জুনে ছাত্রীটি প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে তাকে ধর্ষণ করে ছেরাজল হক মামুন। এ ঘটনায় সহযোগিতা করেন তার বন্ধু কামাল হোসেন সাদ্দাম। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে মায়ের কাছে সব জানায় কিশোরী। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার পর অভিযান চালিয়ে আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়। কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে মেডিকেল রিপোর্টে সে ১৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানানো হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন বলেন, মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।