নোয়াখালীতে প্রথম আলো প্রতিবেদককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি
প্রথম আলোর নোয়াখালী প্রতিবেদক মাহবুবুর রহমানকে মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয়ে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে হুমকি পাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহবুবুর রহমান।
সুধারাম মডেল থানার পরিদর্শক মো. ইমদাদুল হক দ্য ডেইলি স্টারকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ দুপুরে ২টা ২মিনিটের সময় তার মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। কলটি রিসিভ করার পর তিনি কিছু বুঝে ওঠার আগেই অপর প্রান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে গালিগালাজ করে।'
সে সময় অজ্ঞাত ব্যক্তি নোয়াখালী জেলা জজ আদালতের সামনে অবস্থান করছেন উল্লেখ করে মাহবুবকে সেখানে যেতে বলে। এক পর্যায়ে মাহবুবকে সপরিবারের হত্যার হুমকি দিয়ে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
মাহবুব জানান, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে জানান। পুলিশ সুপার তাকে থানায় জিডি করার পরামর্শ দেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক মো. ইমদাদুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানায় জিডি নথিভুক্ত হয়েছে।'
পুলিশ জিডিতে উল্লেখ করা নম্বরটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।