পটুয়াখালী পৌরসভার হিসাবরক্ষক শাহিনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
প্রায় পৌনে তিন কোটি টাকার অর্থ-সম্পদের বৈধ কোনো উৎস না থাকায় পটুয়াখালী পৌরসভার তৎকালীন হিসাবরক্ষক এস এম শাহিনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলা দায়েরের দুই বছর চার মাস পর ৩০ জুন এই চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা পটুয়াখালী দুদকের উপ-সহকারী পরিচালক মো. আরিফ হোসেন।
সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান, মানিলন্ডারিং ও অর্জিত সম্পদের বৈধ উৎস না থাকায় পৃথক তিন ধারার অপরাধ আনা হয়েছে শাহিনের বিরুদ্ধে।
২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি পটুয়াখালী থানায় মামলাটি দায়ের করেছিল দুদক।
চার্জশিটে উল্লেখ করা হয় যে, এস এম শাহিন ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুই কোটি ৭৪ লাখ ৭৪ হাজার টাকার সম্পদের হিসাব দুদকে দাখিল করেন, যা তদন্তে অসত্য বলে প্রমাণিত হয়। তথ্য গোপন করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে দুই কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতি থাকার অপরাধ আনা হয়েছে। এ ছাড়াও, ২২ লাখ ৭৯ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ গোপন, ব্যাংকে সন্দেহজনক লেনদেন এবং অবৈধ অর্থ নিজ দখলে রাখার অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।
মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা পটুয়াখালী দুদকের উপ-সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানান, পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশ অনুযায়ী পরিচালিত হবে।
এস এম শাহিনের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।