পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে দালালচক্রের ৮ সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালী জেলা প্রশাসন ও র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যদের দুটি অভিযানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয় থেকে তিন জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঁচ দালালকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন আটককৃত সাত জনকে অর্থদণ্ড এবং এক জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

র‌্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম (লে. কমান্ডার, বিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশনের কাজ করতে আসা সাধারণ নাগরিকদের টার্গেট করে একটি দালাল চক্র গড়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে দালাল চক্রের তিন জন সদস্যকে আটক করা হয়েছে।

আটকৃতরা হচ্ছেন, সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন ও  গোবিন্দ চক্রবর্তী। তাদের সবাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালেও অভিযান চালিয়ে দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। তারা হচ্ছেন নাসরিন জাহান, শওখত আরা, রিনা বেগম, সঞ্চয় কুমার দত্ত এবং জুয়েল হাওলাদার।

তাদের মধ্যে জুয়েল হাওলাদারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি চার জনকে এক হাজার টাকা করে অর্থ দণ্ড দেওয়া হয়েছে।