পদ্মায় ইলিশ ধরায় মুন্সিগঞ্জে ১৩ জেলের কারাদণ্ড
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরায় ১৩ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
'মা ইলিশ' রক্ষায় লৌহজংয়ে শনিবার রাত ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আখিনূর জাহান নীলা ও লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ। নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরায় তারা ২১ জন জেলেকে আটক করেন। এদের মধ্যে আট জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান চালিয়ে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও মাছ শিকারের তিনটি নৌকা জব্দ করা হয়েছে। অভিযান শেষে ঘোড়দৌড় বাজার এলাকায় জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ মাছ গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।