পরীবাগে স্কলাস্টিকা স্কুল কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর পরিবাগ থেকে স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ইভানা লায়লা চৌধুরী (৩২) স্কলাস্টিকা স্কুলের উত্তরা ও মিরপুর শাখার ইউনিভার্সিটি প্লেসমেন্ট সার্ভিসের প্রধান ছিলেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ ইভানা লায়লার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, ইভানা লায়লা চৌধুরী পরীবাগের নবাব হাবিবুল্লা রোডে একটি ৯তলা ভবনের ৫ম তলায় থাকতেন। বিকেলে খবর পেয়ে ওই ভবন ও পাশের আরেকটি ভবনের মাঝখানের থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে ওই নারীকে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়তে দেখেছি। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ইভানার সঙ্গে আজ তার স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসানের মনোমালিন্য হয়েছিল। খবর পেয়ে দুপুরে আমি তাদের বাসায় যাই। ইভানাকে তখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর দুই ভবনের মাঝে ইভানাকে পড়ে থাকতে দেখা যায়।
ইভানার স্বামী আব্দুল্লাহ মাহমুদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, দুর্ভাগ্যবশত ইভানা ভবনের ছাদ থেকে পড়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।