পরীমনির জামিন শুনানি ১৩ সেপ্টেম্বর

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন কারাবন্দি চলচ্চিত্র নায়িকা পরীমনি। আজ রোববার আইনজীবী মজিবুর রহমানের মাধ্যমে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তিনি জামিন চেয়ে আবেদন করেন।

মজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর মহানগর হাকিম কেএম এমরুল কায়েস জামিন আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে গতকাল আদালত পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন বাতিল করে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে ক্রিস্টাল মেথ, এলএসডি ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পরীমনি চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন।

আরও পড়ুন
পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের