পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৪ ডিসেম্বর
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক আইনে করা মামলার অভিযোগ গৃহীত হয়েছে।
আজ সোমবার সকালে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগ গ্রহণ করে পরীমনিসহ মামলার অপর ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
গত ১২ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালত থেকে বনানী থানায় মাদক আইনে করা মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
এর আগে, ১০ অক্টোবর ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার পরীমনির জামিন মঞ্জুর করেন। মামলার অন্য দুই আসামি কবীর হোসেন ও আশরাফুল ইসলাম দিপুও জামিনে আছেন।
গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তারের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।
র্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে 'মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য' উদ্ধারের কথা বলা হয়।
পরীমনিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তোলেন। পরে গত ৩১ অগাস্ট বিচারিক আদালত থেকে তার জামিনের আদেশ হয়। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।