পরীমনির মামলা ডিবিতে স্থানান্তর
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে বনানী থানার অফিসার ইনচার্জ নুর-ই-আজম মিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নাজমুল রাজের বিরুদ্ধে দায়ের করা মামলা দুটি পুলিশের গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়েছে।'
এর আগে, এই মামলায় পরীমনির চার দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের আদালতে তাকে হাজির করা হলে, আদালত এ আদেশ দেন।
পরীমনির সঙ্গে তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও একই মামলায় চার দিনের রিমান্ডে দেন আদালত।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ সোহেল রানা পরীমনি, নজরুল ইসলাম রাজ ও তাদের দুই সহযোগীকে সাড়ে আটটার দিকে আদালতে হাজির করেন।
আদালতে তিনি পৃথক মাদক মামলায় পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর সাত দিন এবং নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন।
আদালতে এ রিমান্ডের আবেদন বাতিল করে তাদের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আসামিদের পক্ষের আইনজীবী নিলাঞ্জনা হেনা আদালতে এ আবেদন জমা দেন।
শুনানি শেষে আদালত পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর এবং নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।