পরীমনির রিমান্ডের বিষয়ে স্বতঃপ্রণোদিত রুল চেয়ে হাইকোর্টে আসক’র আবেদন
পরীমনিকে কয়েক দফায় রিমান্ডে নেওয়ার প্রেক্ষাপটে স্বতঃপ্রণোদিত রুল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আবেদন দাখিল করেন আসকের চেয়ারপারসন ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।
তিনি হাইকোর্ট বেঞ্চকে বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে পরীমনিকে তিন ধাপে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।'
তিনি বলেন, 'একজন অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আগে ও পরে একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের সময় তার আইনজীবী এবং আত্মীয়-স্বজনকে উপস্থিত থাকতে দিতে হয়। তবে, পরীমনির রিমান্ডের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন আদালত এবং পুলিশ সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করেননি।
হাইকোর্ট বেঞ্চ জানিয়েছে, এর আগে গত ২৬ আগস্ট পরীমনির বিষয়ে জারি করা রুলের শুনানির সময় এ বিষয়টি খতিয়ে দেখবেন।
আসকের আরেক আইনজীবী মো. শাহিনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৬ আগস্ট জারি করা রুলের শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।'
গত ২৬ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ মাদক মামলায় পরীমনির জামিন নামঞ্জুর করেন। তবে, ওই মামলার জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করায় হাইকোর্টের নিম্ন আদালতের আদেশকে প্রশ্নবিদ্ধ করে রুল জারি করেন।
রুলে ঢাকা মহানগর দায়রা জজ দুই দিনের মধ্যে পরীমনির জামিন আবেদন শুনানি ও নিষ্পত্তির জন্য আদেশ দেবে কিনা সে বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। এছাড়া আদেশ গ্রহণ ও শুনানির জন্য কেন ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো সে বিষয়েও কারণ দর্শাতে বলা হয়।
আদালত এ বিষয়ে বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালত আবেদন গ্রহণের ২১ দিন পর জামিন শুনানির জন্য কেন ১৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করল, যেটা গ্রহণযোগ্য নয়।
রাষ্ট্র ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েসকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরীমনির জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করায় নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে পরীমনির আবেদনের পর বেঞ্চ এই রুল জারি করেন।
আইনজীবী মজিবুর রহমান গত ২৫ আগস্ট পরীমনির পক্ষে হাইকোর্টে আবেদন জমা দিয়ে বলেন, 'ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদনের শুনানি দীর্ঘদিনের জন্য স্থগিত করেছেন, যা বেআইনি।'
আবেদনে বলা হয়ে, পরীমনি এই মামলায় হাইকোর্টের কাছেও জামিন আবেদন করেন।
গত ২২ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় নিম্ন আদালতের জামিন প্রত্যাখ্যানকে চ্যালেঞ্জ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি।
পরীমনির আইনজীবী মজিবুর রহমান জানান, বিচারক কে এম ইমরুল কায়েস জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
গত ৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়ের করা মামলায় পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে গ্রেপ্তার দেখানো হয়।
তার আগের দিন, র্যাবের সদস্যরা পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। র্যাব তার বাসা থেকে বিদেশি মদ ও মাদকদ্রব্য জব্দ করে।